হোসেনপুরে সড়কের পাশে হতাহত যুবকদের পরিচয় শনাক্ত
Printed Edition
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়কের পাশে উদ্ধার হওয়া নিহত ও গুরুতর আহত দুই যুবকের পরিচয় ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত রনি মিয়া (২৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ি গ্রামের ইসমত মিয়ার ছেলে। আহত আসিব মিয়া (২৮) একই উপজেলার বৈলর এলাকার আবদুল বারেকের ছেলে। তিনি বর্তমানে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের ডাহুরা গোলপুকুরপাড় এলাকায় একটি মাদরাসার সামনে এক যুবকের লাশ এবং অপর এক যুবককে গুরুতর আহতাবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায় এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। আহতের পাশে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।