যেভাবে বলিউড সিনেমায় আরিফিন শুভ

Printed Edition
bino-5
যেভাবে বলিউড সিনেমায় আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের তারকা আরিফিন শুভ ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেছেন। কিন্তু এতে তিনি যুক্ত হলেন কীভাবে? শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে সিরিজের আনুষ্ঠানিক প্রচারণায় সেই গল্পই শোনালেন নায়ক। তিনি জানান, বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া প্রথম যোগাযোগ করেছিলেন। সেই মুহূর্ত থেকে প্রায় তিন বছর অপেক্ষার পর তার কাছে আসে চূড়ান্ত ডাক।

‘জ্যাজ সিটি’র প্রেস মিট মঞ্চে উঠে সিরিজটির পরিচালক সৌমিক সেনের সাথে রসিকতায় মেতে ওঠেন আরিফিন শুভ। পরিচালক নাকি গত তিন বছরে এদিনই প্রথম তার প্রশংসা করেছেন! নায়কের এই বক্তব্যে হাসির রোল পড়ে।

আরিফিন শুভ ‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার গল্প শুনিয়েছেন এভাবে, ‘এ কাজের জন্য সৌমিকদা নন, আমার সাথে প্রথম যোগাযোগ করেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তখন আমি নেপালে ছিলাম। তিনি আমাকে বলেন, একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে হবে। আমি রাজি হয়ে যাই। তারপর সৌমিকদা অডিও পাঠানোসহ বিভিন্নভাবে আমার অডিশন নিয়েছেন।’

ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘জ্যাজ সিটি’র অডিশন নিয়ে কথা বলেছেন শুভ। তার ভাষ্য, ‘দুই বছর ধরে চিত্রনাট্য পাঠানো হতো। মুম্বাইয়ে ডেকেছিল, গিয়েছিলাম। তারপরও কিছু বলে না। ওই দু’বছরে একই চরিত্রের জন্য আরও অনেকের অডিশন নিয়েছেন তারা। একটা দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে। আমি টেপ করে পাঠিয়েছি। হয়তো ভালো লেগেছে। হয়তো ভালো লাগেনি। এভাবে ‘ট্রায়াল অ্যান্ড এরর’-এর মধ্য দিয়েই সম্ভবত আমায় নির্বাচন করা হয়েছে।’

‘জ্যাজ সিটি’তে শুভর নায়িকা পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৌরসেনী মৈত্র। শুক্রবারের প্রেস মিটে দুই বাংলার দুই তারকা একসঙ্গে ছবি তুলেছেন, আড্ডা দিয়েছেন।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে আগামী ১৯ মার্চ বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। এতে জিমি রয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।