ইনিংস ও ৮৫ রানে হারল বাংলাদেশ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে চরম বিব্রতকর অভিজ্ঞতায় ডুবেছে বাংলাদেশ দল। গতকাল তৃতীয় দিনে সফরকারীদের ইনিংস ও ৮৫ রানে হারিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে স্বাগতিকরা। আগের দিনের ১ উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ এক সেশনের সামান্য বেশি সময় টিকতে পারে। মাত্র ৪৫ ওভারে ১৮৫ রানেই অলআউট হয়ে যায় তারা।

দিনের দ্বিতীয় ওভারেই ২২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ব্লেসিং মুজারাবানির গুড লেংথ থেকে লাফিয়ে ওঠা ডেলিভারি জয়ের ব্যাটের কানায় লেগে গালিতে সহজ ক্যাচে পরিণত হয়। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করা মুমিনুল হক এই ইনিংসে ব্যর্থ হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম ৬১ রানের জুটি গড়ে শতরান পার হয়। বড় স্কোরের ইঙ্গিত দেয়া শান্ত ৩০ রান করে নিউমান নিয়ামহুরির ফুলটস বলে ইনসাইড-এজ হয়ে আউট হন। কিছুক্ষণ পরই ৩৪ রান করে বিদায় নেন মুশফিকও। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১১৭ রান।

রিচার্ড এনগারাভার শিকার হওয়ার আগে ২৫ রানের ইনিংস খেলার পথে কয়েকটি বাউন্ডারি হাঁকান অমিত হাসান। শেষ ব্যাটার হিসেবে হাসান মাহমুদ আউট হওয়ার মাধ্যমে ইনিংস ব্যবধানে বিশাল হার নিশ্চিত হয় বাংলাদেশের। জিম্বাবুয়ের সবচেয়ে বড় টেস্ট জয়ের রূপকার মুজারাবানি ৬৫ রানে ৪ উইকেট নেন। অন্য দিকে এনগারাভা তিনটি ও নিয়ামহুরি দু’টি উইকেট শিকার করেন।