গ্রাহকদের জন্য ‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন লাফার্জহোলসিমের

Printed Edition

দেশের নির্মাণ শিল্পে নতুন মাত্রা যোগ করতে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি রাজধানীর পূর্বাচলের জলসিঁড়ি আবাসন প্রকল্পে প্রথম ‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন করেছে। গত মঙ্গলবার উদ্বোধন হওয়া এই জোনে গ্রাহক, প্রকৌশলী, রাজমিস্ত্রি ও নির্মাণসংশ্লিষ্টরা সরাসরি নির্মাণসামগ্রীর গুণগতমান, বৈজ্ঞানিক দিক ও প্রযুক্তিগত সক্ষমতা হাতে-কলমে অভিজ্ঞতা নিতে পারবেন।

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টর মাহফুজুল হক এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। এ সময় কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো: আনিসুজ্জামান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ কে এম আতিকুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নীল আজাভেদোসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাহফুজুল হক বলেন, ‘লাফার্জহোলসিম সব সময়ই উদ্ভাবন, গুণগত মান ও টেকসই নির্মাণ সমাধানে অগ্রণী। এই এক্সপেরিয়েন্স জোন নির্মাণসামগ্রীর ব্যবহার ও দক্ষতা সম্পর্কে জনগণের ধারণা আরো বাড়াবে। গ্রাহকরা কোন পণ্য কোন কাজে বেশি উপযোগী- তা সরাসরি বুঝতে পারবেন।’ এক্সপেরিয়েন্স জোনে বিভিন্ন ধরনের সিমেন্ট ও নির্মাণসামগ্রী প্রদর্শনের পাশাপাশি শক্তি, স্থায়িত্ব ও পারফরম্যান্স নিয়ে লাইভ ডেমোনেস্ট্রেশন দেখা যাবে। এ ছাড়া টেকসই নির্মাণ ও সবুজ উদ্ভাবন বিষয়ে তথ্য, বাড়ি নির্মাণকারীসহ প্রকৌশলী ও মিস্ত্রিদের জন্য পরামর্শও পাওয়া যাবে।

লাফার্জহোলসিম বাংলাদেশ মনে করে, এই উদ্যোগ দেশের নির্মাণ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং গ্রাহকদের আরো সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আরো এক্সপেরিয়েন্স জোন স্থাপনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি, যাতে নির্মাণসংশ্লিষ্ট সবাই আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য তথ্যের সহজ সুবিধা পান। বিজ্ঞপ্তি।