খুলনায় মধ্যরাতে শপিং সেন্টারে আগুন
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনার নিউমার্কেটের পাশের বায়তুন নূর শপিং সেন্টারের নিচতলায় সোমবার মধ্যরাতে আগুন লাগে। আগুনে মোবাইলের দোকানসহ ১০ থেকে ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। এ ছাড়া মার্কেটের বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার এবং অনেক দোকানের ডেকোরেশনের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এ ঘটনায় ৮০ লাখ টাকার ক্ষতি নিরূপণ করেছে। তবে ব্যবসায়ীদের দাবি তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১ টার দিকে বায়তুন নূর শপিং সেন্টারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এতে তাদের পাশাপাশি পুলিশ, সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রাও অংশ নেয়।
খুলনা মহানগর মোবাইল ফোন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টু বলেন, বায়তুন নূর শপিং সেন্টার হচ্ছে, খুলনায় মোবাইল ফোনের সবচেয়ে বড় মার্কেট। আগুনে ১০ থেকে ১৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে তিন থেকে চার কোটি টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে এই মার্কেটের মোবাইল ফোনের ব্যবসায়ীরা পথে বসে গেছেন।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল মালেক বলেন, খবর পেয়ে নগরীর বয়রা ও টুটপাড়া থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩৮ মিনিট সময় লাগে। আগুনে দু’টি দোকানের মালামাল পুড়ে গেছে। এ ছাড়া মার্কেটের বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার এবং অনেক দোকানের ডেকোরেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ৮০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।