যুক্তরাষ্ট্র থেকে ২.২০ লাখ টন গম কিনবে সরকার

টিসিবির জন্য সয়াবিন তেল ৫০ লাখ লিটার ও রাইস ব্রান তেল ১ কোটি লিটার কেনা হবে

Printed Edition

বিশেষ সংবাদদাতা

যুক্তরাষ্ট্র থেকে আরেক দফায় গম আমদানি করবে সরকার। এবার দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানিতে অনুমোদন দেয়া হয়েছে। জি-টু-জি অর্থাৎ, সরকার টু সরকার মাধ্যমে এই গম আমদানি ব্যয় হবে ৮৪২ কোটি ছয় লাখ কোটি টাকা। প্রতি মেট্রিক টন গমের আমদানি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলার। এ হিসেবে প্রতি কেজি গমের দাম হবে ৩৯ টাকা।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে গম আমদানির প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে। দেশের বাইরে থাকায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো থেকে সার এবং যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে দুই হাজার ৯৮২ কোটি ৪০ লাখ টাকা।

বৈঠক শেষে জানানো হয়, সভায় সরকারি পর্যায়ে চুক্তির (জি-টু-জি) আওতায় সার আমদানির দু’টি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৪০৯.৫০ ডলার দরে সংযুক্ত আরব আমিরাতের ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশী মুদ্রায় ব্যয় হবে ২০১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা।

দ্বিতীয় প্রস্তাবে প্রতি মেট্রিক টন ৬৮২.৬৭ ডলার দরে মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশী মুদ্রায় ব্যয় হবে ৩৩৫ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকা।

বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটস কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন গম ৩১২.২৫ ডলার দরে বাংলাদেশী মুদ্রায় ব্যয় হবে ৮৪২ কোটি ছয় লাখ ৩৩ হাজার টাকা।

বৈঠকে টিসিবির জন্য স্থানীয় উৎস থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং এক কোটি লিটার রাইস ব্রান তেল ক্রয়ের দু’টি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্যে প্রতি লিটার ১৭৯ টাকা ৮৫ পয়সা দরে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ৮৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এটি সরবরাহ করবে ‘সোনারগাঁও সীডস ক্রাশিং শিলস লিমিটেড’।

অন্য দিকে প্রতি লিটার ১৬১ টাকা দরে এক কোটি লিটার রাইস ব্রান তেল কিনতে ব্যয় হবে ১৬১ কোটি টাকা। দু’টি প্রতিষ্ঠান থেকে এ তেল কেনা হবে। এর মধ্যে ৩০ লাখ লিটার সরবরাহ করবে ‘তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং ৭০ লাখ লিটার সরবরাহ করবে ‘মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড’।

বৈঠকে ‘রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা মহাসড়কের (জেড-৮০৩৪) ৮ম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদের উপর মীরগঞ্জ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় মীরগঞ্জ প্রধান সেতুসহ মীরগঞ্জ সেতু, অ্যাপ্রোচ সড়ক ও আনুষঙ্গিক কাজ সম্পাদনে প্যাকেজ নং ডব্লিউপি-০১-এর পূর্ত কাজের দু’টি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম দরপত্রের কাজটি করবে ‘চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন’। এতে ব্যয় হবে এক হাজার ৭২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা।

একই প্যাকেজের দ্বিতীয় পূর্ত কাজ সম্পাদনে ব্যয় হবে ২৮০ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করবে- জাপানের নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেড-ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড ও কাটাহীরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল এবং দেশীয় প্রতিষ্ঠান দেব কনসালট্যান্টস লিমিটেড-নিপ্পন কোয়ি বাংলাদেশ-ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড- কে এস কনসালট্যান্টস লিমিটেড ও অনুসন্ধানী ক্রীডস লিমিটেড।