ধামরাইয়ে শহীদ মেজর মাহবুবসহ ৫৭ শহীদ সেনার স্মরণসভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

Printed Edition

রাজধানীর পিলখানায় রক্তাক্ত বিডিআর হত্যাকাণ্ডে নিহত ধামরাইয়ে কৃতী সন্তান শহীদ মেজর মাহাবুবসহ ৫৭ জন শহীদ সেনা অফিসারের স্মরণে দিবসটি উপলক্ষে ধামরাইয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গত বুধবার এ উপলক্ষে ধামরাই পৌরসভার টিউটোরিয়াল হোম স্কুলের মাঠে কর্মসূচির প্রথমে সকালে শহীদ মেজর মাহাবুবের মা ও তার পরিবারের সদস্যরা কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিহতের পরিবারের সদস্যরা কবরের সামনে দোয়া ও মুনাজাত করেন। দ্বিতীয় কর্মসূচিতে বেলা ৩টার দিকে বরিশাল এক্স ক্যাডেট’স অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদদের স্মরণে সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহীদ মেজর মাহাবুবের মা খোদেজা রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ অতিথি ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও নিহতের ছোট ভাই মাহাফুজুর রহমান শাহেদ ও টিউটোরিয়াল হোম স্কুলের প্রধান শিক্ষক মো: সিরাজুল হক। ধামরাই ঢাকা সংবাদদাতা।