ঈশ্বরদীতে মৌচাষি সমিতির সম্মেলন
Printed Edition
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীর আরআরপি কমিউনিটি সেন্টারে উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শনিবার সকালে ১৬ জেলার মৌচাষি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ডক্টর কবির উদ্দিন আহমেদ।
ঢাকার শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ শিক্ষক মোহাম্মদ সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. আতাউর রহমান, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. মো: আতিকুল ইসলাম, ঢাকা মৌমাছি পালন প্রকল্পের সাবেক মহাব্যবস্থাপক সাবেক প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র সাহা, পল্লী উন্নয়ন অ্যাকাডেমি বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক (পিএইচডি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তব্য রাখেন- উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শিশির কুমার সাহা ও ঘরের বাজার হানিরাজ কর্মকর্তা আমজাদ হোসেন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেজ জয়নাল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌচাষি মো: ওয়াজেদ আলী চৌধুরী।
বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর ধরে মৌচাষিরা অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনকে টিকিয়ে রেখেছেন। আমাদের দেশে এখনো মৌচাষের ওপর পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি।
মধু উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পলিসি সম্বন্ধে চাষিদের জানতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সবার সহযোগিতায় এই সম্মেলন অবদান রাখবে বলে তারা মনে করেন।
বক্তারা মৌস্বাস্থ্য ও গুণগত মানের মধু উৎপাদনের ওপর গুরুত্ব দেন। প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন মৌচাষি তৈরি করতে হবে। মধু আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।