ইফতার নিয়ে দুয়োতে ক্ষোভ গার্দিওলার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

এল্যান্ড রোডে গত পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে ইফতারের বিরতির সময় মুসলিম ফুটবলারদের নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে। পশ্চিম ইয়র্কশায়ারে তখন ছিল সূর্য ডোবার সময়। ম্যাচের সাময়িক বিরতিতে গ্যালারি থেকে উচ্চস্বরে দুয়োধ্বনি শোনা যায়। মুসলিম ফুটবলারদের প্রতি অসম্মান করায় ম্যাচের পর দর্শকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা।

স্থানীয় সময় সাড়ে ৫টায় শুরু হওয়া সিটি-লিডস ম্যাচ শুরুর ১৩ মিনিটে খেলা থামানো হয়, যাতে দুই দলের খেলোয়াড়েরা সাইডলাইনে গিয়ে পানি ও তরল পান করতে পারেন। এ সময় স্টেডিয়ামের বড় পর্দায় একটি বার্তা প্রদর্শিত হয়। যেখানে লেখা ছিল- ‘যেহেতু আজকের ম্যাচটি পবিত্র রমজান মাসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, তাই খেলোয়াড়দের রোজা ভাঙার (ইফতার) সুযোগ দিতে খেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’ স্প্যানিশ কোচ গার্দিওলা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি একটি আধুনিক বিশ্ব, তাই না? বিশ্বে আজ কী ঘটছে, তা আপনারা দেখছেন। ধর্ম ও বৈচিত্র্যকে সম্মান জানানোই হলো আসল কথা। প্রিমিয়ার লিগ বলেছে, আপনারা এক বা দুই মিনিট সময় নিতে পারেন, যাতে (রোজাদার) খেলোয়াড়েরা ইফতার করতে পারে। এটি যেমন হওয়া উচিত তেমনই হয়েছে, দুর্ভাগ্যবশত (কিছু মানুষ তা মানতে পারেনি)।’ দুয়োধ্বনি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সংবাদ সম্মেলনে আসা লিডসের সহকারী কোচ এডমন্ড রিমারকে। তিনি বলেন, ‘আমরা এটি থেকে শেখার চেষ্টা করছি। পরেরবার আমাদের আরো ভালো করতে হবে।’