ট্রফিহীন মৌসুমের পথে নামী ক্লাবগুলো

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি ক্লাব এবার এক বিরল ট্রফিহীন মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই ক্লাবগুলো প্রতি বছর কোনো না কোনো ট্রফি জিতলেও এবারে প্রায় শূন্যহাতেই মৌসুম শেষ করতে যাচ্ছে। ক্লাবগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, জুভেন্টাস, আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেড।

উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে নাটকীয় হারে বিদায় নেয়ার পর ক্লাবটি এখন ট্রফিহীন একটি মৌসুমের সামনে দাঁড়িয়ে। সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যর্থতার দায় কি বহন করতে হবে কোচ আলভারো আরবেলোয়াকে?

ইতিহাসের অন্যতম সফল ক্লাব হিসেবে পরিচিত এই দলটি ব্যর্থতার সাথে খুব একটা পরিচিত নয়। চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি ও লা-লিগায় ৩৬টি শিরোপা জয়ের রেকর্ড তাদের আধিপত্যেরই প্রমাণ। তবে চলতি শতাব্দীতে চারটি মৌসুমে ট্রফিহীন থেকেছে রিয়াল, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৯-১০ এবং ২০২০-২১। এমনকি যেসব মৌসুমে তারা লা লিগা, কোপা দেল রে বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, সেসব সময়েও অন্তত অন্য কোনো প্রতিযোগিতা থেকে শিরোপা তুলতে সক্ষম হয়েছে। যেমন ২০২৪-২৫ মৌসুমে তারা বড় কোনো শিরোপা না জিতলেও উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ অথবা স্প্যানিশ সুপার কাপের মতো প্রতিযোগিতায় সফলতা পেয়েছিল। বিশেষ করে ২০০৩-০৪, ২০০৮-০৯ এবং ২০১২-১৩ মৌসুমে স্প্যানিশ সুপার কাপই ছিল তাদের একমাত্র সান্ত¡না। অর্থাৎ, পুরোপুরি শূন্য হাতে মৌসুম শেষ করা রিয়ালের জন্য বিরল ঘটনা। কিন্তু চলতি মৌসুমে সেই অস্বস্তিকর বাস্তবতার দিকেই এগোচ্ছে দলটি। পুরো মৌসুমজুড়ে পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।

মিউনিখে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ছিটকে যায় রিয়াল। বিশেষ করে দলকে চাপে ফেলে দেয় এদুয়ার্দোর লাল কার্ড, যার সুযোগ নিয়ে শেষ দিকে দু’টি গোল করে জয় নিশ্চিত করে বায়ার্ন। এ দিকে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল, হাতে মাত্র সাতটি ম্যাচ। এমন অবস্থায় শিরোপা পুনরুদ্ধার প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ইংলিশ জায়ান্ট লিভারপুলের অবস্থাও একই রকম। মৌসুমের শুরুতেই কমিউনিটি শিল্ডের ফাইনালে হারে মোহাম্মদ সালাহরা। এরপর লিগ কাপ, এফএ কাপ, চ্যাম্পিয়ন লিগ থেকেও তাদের বিদায় হয়েছে। প্রিমিয়ার লিগেও অবস্থান পাঁচে। তাই বলাই যায়, এবার শিরোপাশূন্য থাকছে অল রেডরা। এ ছাড়া ট্রফিহীন মৌসুমের পথেই রয়েছে ম্যানইউ, আয়াক্স ও জুভেন্টাসও।