আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ৮ মুসলিম দেশের নিন্দা

Printed Edition

আলজাজিরা

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের কড়া নিন্দা করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশ। এ দেশগুলো হলো- কাতার, জর্দান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত।

বুধবার প্রকাশিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বিবৃতিতে বলা হয়, জেরুসালেমের ওল্ড সিটি এবং সেখানকার মসজিদ ও পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকারে ইসরাইলের বিধিনিষেধ ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি অবস্থানগত স্থিতাবস্থা এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতি।’

‘মন্ত্রীরা এই অবৈধ ও অযৌক্তিক পদপে পুরোপুরি প্রত্যাখ্যান এবং আল-আকসা মসজিদ/আল-হারাম আল-শরিফ এবং মুসল্লিদের বিরুদ্ধে ইসরাইলের লাগাতার উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান। অধিকৃত জেরুসালেম বা এর ইসলামী ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলের যেকোনো সার্বভৌমত্ব নেই তাও তারা জোরের সাথে বলেন,’ বিবৃতিতে এমনটা বলা হয়েছে ।

বিবৃতিতে আরো বলা হয়, আল-আকসা মসজিদের পুরো এলাকা ‘একান্তই’ মুসলমানদের জন্য। জর্দানের ধর্মীয় বিষয়াদি মন্ত্রণালয়ের অধীনস্থ জেরুসালেম এন্ডাওমেন্ট ও আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগই হলো ‘একচ্ছত্র মতাসম্পন্ন আইনি সত্ত্বা’।