ইরানকে ইরাকের আশ্বাস

আঞ্চলিক সংঘাতে জড়াবে না কুর্দিস্তান

Printed Edition

প্রেস টিভি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রোপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরাক এবং দেশটির কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এবং কেআরজির প্রেসিডেন্ট নেচিরভান বারজানি পৃথকভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে জানিয়েছেন যে তারা কোনো আঞ্চলিক সংঘাতে জড়াবেন না এবং তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো হুমকি তৈরি করতে দেয়া হবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে আলাপকালে ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান। এই হামলাকে তিনি আন্তর্জাতিক রীতিনীতি, নীতি ও নৈতিকতার পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘ইরাক সরকার কোনো অবস্থাতেই ইরাকি সীমান্ত থেকে ইসলামী প্রজাতন্ত্রের ওপর কোনো হুমকি তৈরি হতে দেবে না।’ এ ছাড়া, মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে তিনি ইরান সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

অন্য দিকে, কেআরজির প্রেসিডেন্ট নেচিরভান বারজানিও আরাকচির সাথে ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। কেআরজির প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়, বারজানি স্পষ্ট করেছেন যে কুর্দিস্তান চলমান এই সংঘাতের অংশ হবে না।