ডেঙ্গু প্রতিরোধে রাসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

Printed Edition
bangla-4
বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন : নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে এবং লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে রাসিক নিরলসভাবে কাজ করছে। ডেঙ্গুর সম্ভাব্য বিস্তার রোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এর আগে গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। তিনি জানান, মশক নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাব-নারিকেলের খোসা, টিনের কৌটা ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।