চট্টগ্রাম বিমান বন্দরে ৩১৫ কার্টন বিদেশী সিগারেট জব্দ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফাইটের (এ৯-৫২০) এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩১৫ কার্টন বিদেশী সিগারেট উদ্ধার হয়েছে চট্টগ্রাম শাহ আমানত (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের কাস্টমস হলে গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টায় এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা চালানটি ধরতে সক্ষম হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম নয়া দিগন্তকে জানিয়েছেন, নওগাঁর রানীনগরের মো: রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ছয় লাখ ৩০ হাজার টাকা। মন্ড ব্রান্ডের এসব সিগারেট ডিটেনশন মেমো (ডিএম) মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে রয়েছে। ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
আমদানি নিষিদ্ধ পণ্যের চোরাচালান ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।