মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শনে মাঠে ইইউ প্রতিনিধিরা

Printed Edition
bangla-3
মাদারীপুরের একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা : নয়া দিগন্ত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে নির্বাচনী পরিবেশ পরিদর্শন করছেন (ইইউ) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। গতকাল বুধবার সকাল থেকে বিভিন্ন উপজেলায় পরিদর্শন করেন তারা। এ সময় ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেন তারা। খোঁজখবর নেন বিভিন্ন কেন্দ্র এবং ভোটারদের। বর্তমান পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। এ সময় নির্বাচন কমিশন, কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ইউরোপীয় ইউনিয়নের লং টার্ম অবজারভার ও সদস্য ইভা মোল্ট ও লার্স জিরং ফরডাল বলেন, মাদারীপুরের তিনটি কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে। আমরা এই টিমের দুই সদস্য এক মাস ধরে মাদারীপুরের বিভিন্ন প্রান্ত ঘুরেছি। তিনি আরো জানান, নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক রিপোর্ট ও পরবর্তীতে দুই মাস পর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করা হবে।

প্রসঙ্গত, মাদারীপুরের তিনটি সংসদী আসনে ভোটযুদ্ধে লড়বেন ২৫ প্রার্থী। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টিই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া, বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন। ৫ লাখ ৫৩ হাজার ৭ জন নারী ভোটার। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১২ জন।

তথ্য বলছে, প্রতিটি ঝুঁকি পূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ, ৩ জন অস্ত্রধারী আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া সাধারণ ভোটকেন্দ্রে ২ জন করে অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার ও ১১ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। জেলায় প্রায় ৬০০ সেনাবাহিনী টহল ও নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছেন। প্রতিটি উপজেলায় বাংলাদেশে সেনাবাহিনীর একশো করে সদস্য থাকবেন। তবে, সদর উপজেলায় থাকবেন ২০০ সেনা সদস্য।

এ ছাড়া ৬ প্লাটুন বিজিবি, অর্ধশত র‌্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন ভোট সুষ্ঠু হওয়ার লক্ষ্যে। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে মাদারীপুর-১ আসনে থাকবেন ৭ জন, ২ আসনে ৭ জন এবং ৩ আসনে থাকবেন ১০ জন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন দায়িত্ব পালনে।