কমলাপুর স্টেডিয়াম দেখে অসন্তুষ্ট ক্রীড়া প্রতিমন্ত্রী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেডিয়াম। যেখানে সাফ ও এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্ট হয়েছে। তবে এই স্টেডিয়ামে কখনই সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি। সাথে চোর আর মাদকসেবীদের আখড়া এই ফুটবল স্টেডিয়ামটি। গত সরকারের সময় এই স্টেডিয়াম বাফুফেকে ডেডিকেটেড ভাবে দিয়ে দেয়া হয়। বতর্মান সরকারও সেই সিদ্ধান্তে অটল। এ দিকে গতকাল দুপুরে আকস্মিকভাবে এই স্টেডিয়াম পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্টেডিয়ামে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘এই স্টেডিয়াম অরক্ষিত অবস্থায় রয়েছে। সে সাথে এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এ ছাড়া স্টেডিয়ামের মূল্যবান ফ্লাডলাইটের মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরি হয়েছে।’ আমিনুল হক স্টেডিয়ামের দায়িত্বরতদের কাজে অবহেলার প্রমাণ পান। তাই তাৎক্ষণিক ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে দায়ীদের শাস্তিমূলক বদলির নির্দেশ দেন। ড্রেসিংরুম এবং মাঠের ভেতরের পরিবেশে দেখেও বিরক্তি প্রকাশ করেন তিনি। ক্ষোভের সাথেই বলেন, এখানে স্টাফরা টিনশেড দিয়ে ঘর বানিয়ে থাকছে যা একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের সাথে বেমানান। এরপর বলেন, ফিফার অর্থায়নে এই স্টেডিয়ামের সংস্কার কাজ করা হবে। সে সাথে দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামটি বাফুফেকে বুঝিয়ে দেয়া হবে সংস্কারের জন্য।’ স্টেডিয়ামের নিরাপত্তা বাড়াতে সীমানা প্রাচীর উঁচু করে কাঁটাতারের বেড়া দেয়ার কথাও জানান তিনি। মুগদা থানার সহায়তা নিয়ে স্টেডিয়ামে টহল বৃদ্ধির ব্যবস্থার কথাও বলেন তিনি। তার লক্ষ্য অতি দ্রুত এই স্টেডিয়াম খেলার উপযোগী করা।