চট্টগ্রাম-১৩ আসনে ভোটের হাওয়া

বিএনপির টার্গেট পুনরুদ্ধার সক্রিয় জামায়াত-এনসিপি

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

স্থান

আনোয়ারা

Printed Edition
bangla-1
বিএনপির টার্গেট পুনরুদ্ধার সক্রিয় জামায়াত-এনসিপি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে এবারের নির্বাচনী লড়াই ঘনীভূত হচ্ছে মূলত বিএনপির মনোনয়নপ্রত্যাশী হেভিওয়েট নেতাদের অভ্যন্তরীণ কোন্দল এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক তৎপরতার ওপর। ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাদের অনুপস্থিতিতে রাজনীতি মাঠের দৃশ্যপট বদলে যাচ্ছে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে অবস্থান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আত্মগোপনের কারণে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো নতুনভাবে মাঠ দখলের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে বিএনপি ও জামায়াত এখন অনেকটাই আগ্রাসী ভূমিকায়।

বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো: হেলাল উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও প্রবীণ সরওয়ার জামাল নিজামের বিপরীতে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছেন লায়ন হেলাল, অন্যদিকে বিশাল সামাজিক যোগাযোগ এবং জনসম্পৃক্ততা গড়ে তুলেছেন মোস্তাফিজুর রহমানও।

দলীয় কোন্দলের সুযোগে একক প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছে জামায়াতে ইসলামী। দলটির দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী এবার কর্ণফুলী অঞ্চলের মজবুত ভিত্তিকে কাজে লাগিয়ে ভালো ফল প্রত্যাশা করছেন।

আকর্ষণীয় এক বিকল্প হয়ে উঠেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা জুবাইরুল আলম মানিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি পাওয়া এই তরুণ নেতা তার সাহসী ভূমিকায় তরুণ ভোটারদের আস্থার প্রতীক হয়ে উঠছেন। মাটি ও মানুষের সংস্পর্শে থাকা মানিক ইতোমধ্যে নির্বাচনী মাঠে জোরালো অবস্থান গড়ে তুলেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা এরফানুল হক হালিমকে প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমেছে। তবে গণ অধিকার পরিষদ এখনো তেমন কোনো সক্রিয়তা দেখাতে পারেনি।

আসনটিতে মোট ১৬টি ইউনিয়নের মধ্যে আনোয়ারায় ১১টি এবং কর্ণফুলীতে পাঁচটি ইউনিয়ন রয়েছে। প্রায় সাড়ে তিন লাখ ভোটারের মধ্যে আনোয়ারার ভোটার সংখ্যাধিক্য থাকায় প্রধান দলের প্রার্থীরা এখান থেকেই আসতে পারেন বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।