ইরান যুদ্ধ সম্পূর্ণ অপ্রয়োজনীয় : জার্মানি

Printed Edition

সিজিটিএন

ইরানকে ঘিরে চলমান সঙ্ঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অবস্থানের তীব্র সমালোচনা করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই যুদ্ধকে ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন, এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী অস্থিরতা বাড়াতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে সাম্প্রতিক বৈঠকে ইরান ইস্যু ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। সেখানে মের্ৎস জোর দিয়ে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অপ্রয়োজনীয় সঙ্ঘাত এড়িয়ে সহযোগিতার পথেই এগোতে হবে।

তিনি আরো উল্লেখ করেন, দ্রুত পরিবর্তিত আন্তর্জাতিক বাস্তবতায় ইউরোপকে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ দিকে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে জার্মানির সামরিক বাহিনীও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, হরমুজ প্রণালীকে ঘিরে সম্ভাব্য উত্তেজনার প্রেক্ষাপটে একটি মাইনসুইপার জাহাজ ভূমধ্যসাগরে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এর সাথে একটি কমান্ড ও সরবরাহ জাহাজও মোতায়েনের প্রস্তুতি রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এ ধরনের সামরিক পদক্ষেপের আগে কয়েকটি শর্ত পূরণ জরুরি, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক আইনি কাঠামোর অনুমোদন এবং জার্মান পার্লামেন্টের সম্মতি।