মামুনের বিদায়ী ম্যাচে ফর্টিসের জয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

এবারের সিজনে একটি ম্যাচেই মাঠে নামলেন মামুনল ইসলাম মামুন। আর তা ছিল রহমতগঞ্জের বিপক্ষে তার বিদায়ী ম্যাচে। প্রথম একাদশে থেকে এরপর ২৪ মিনিটে মাঠ থেকে উঠে যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। মাঠ থেকে বের হওয়ার সময় দুই দলের খেলোয়াড়দের সাথে করমর্দন। এরপর মাঠের বাইরে তাকে ফুল দিয়ে বিদায় জানানো। তবে এই তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচে দলও জয় নিয়ে মাঠ ছেড়েছে। মামুনুল মাঠ থাকার সময় স্কোর ছিল ২-২। এরপর জয়। বিরতির পরপরই ফর্টিসের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন পা ওমর। এতেই মামুনের বিদায়ী ম্যাচে ৩-২ এ জয় নিয়ে মাঠ ত্যাগ করতে পেরেছে মাসুদ পারভেজ কায়সারের দল।

বসুন্ধরা কিংস এরিনায় জায়েদের গোলে ৪ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। ১১ মিনিটে ফর্টিসের ওকাফর সমতা আনেন। ২০ মিনিটে ফের রহমতগঞ্জের লিড আন্দ্রেসের গোলে। পরবর্তীতে পা ওমর ২২ ও ৪৮ মিনিটে জোড়া গোল করে দলকে এনে দেন পূর্ণ পয়েন্ট। অপর ম্যাচে ১০ জনের পিডব্লিউডিকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। ৯০ মিনিটে শেষে ইনজুরি টাইমের দশম মিনিটে জয় সূচক গোলটি করেন ড্যানিলো। লালকার্ড পান পিডব্লিউডির জোনাথন নাস্তানা। আরেক ম্যাচে লিগে জয়ের ধারা ধরে রেখেছে ঢাকা আবাহনী। এমেকা অগবগ (৩৯ মিনিট) এবং শেখ মোরসালিনের গোলে (৬৭ মিনিট) তারা ২-০তে হারিয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে।