ক্ষমতায় গেলে ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধের প্রতিশ্রুতি পাহলভির

Printed Edition

এএফপি

ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতায় গেলে দেশটির সামরিক খাতে পরিচালিত বিতর্কিত পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করবেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও-বার্তায় তিনি এ নীতিগত অবস্থান তুলে ধরেন। ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলভি বর্তমানে ওয়াশিংটনে নির্বাসিত জীবনযাপন করছেন। তার এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সাথে তেহরানের সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, পাহলভির এই অবস্থান ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বার্তায় তিনি ইরানকে একটি সমৃদ্ধ ও শান্তিকামী দেশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে দীর্ঘ দিনের শত্রুতার অবসানের প্রতিশ্রুতিও দিয়েছেন। ভিডিওবার্তায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশে রেজা পাহলভি বলেন যে, বর্তমান ইসলামি প্রজাতন্ত্রের শাসনামলে বিশ্ববাসীর কাছে ইরানের চিত্র সন্ত্রাসবাদ ও দারিদ্র্যের সমার্থক হয়ে দাঁড়িয়েছে, যা দেশটির প্রকৃত পরিচয় নয়। তিনি দাবি করেন, প্রকৃত ইরান হলো একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র, যা ১৯৭৯ সালের বিপ্লবের আগে বিদ্যমান ছিল।

পাহলভি প্রতিশ্রুতি দেন যে, তার নেতৃত্বে নতুন ইরান শুরু থেকেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়া বন্ধ করবে এবং মাদক পাচার ও কট্টরপন্থার বিরুদ্ধে বৈশ্বিক অংশীদারদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তিনি জোর দিয়ে বলেন যে, মধ্যপ্রাচ্যে ইরান একটি স্থিতিশীল ও দায়িত্বশীল মিত্র হিসেবে আত্মপ্রকাশ করবে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে রেজা পাহলভি এক যুগান্তকারী পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। তিনি জানান যে, তার শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার স্বাভাবিক করা হবে এবং ইসরাইলকে তাৎক্ষণিকভাবে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে।