আ’লীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলেন থানার ওসি
Printed Edition
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এক আওয়ামী লীগ নেতাকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে দর্শনা থানার হিজলগাড়ী ক্যাম্প পুলিশ বিশেষ অভিযানে বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ এবং সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম মিন্টুকে আটক করে। সাইফুল ইসলাম বেগমপুর ইউনিয়ন বাজার এলাকার পরিচিত ব্যক্তি এবং সাবেক এমপি আলী আজগর টগরের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ, আটক দু’জনই পতিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে আটকের পরদিন শুক্রবার দুপুরে শাহিন আহমেদকে আদালতে পাঠানো হলেও সাইফুল ইসলামকে রহস্যজনকভাবে ছেড়ে দেয়া হয়।
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট বলেন, অভিযানে দু’জনকে গ্রেফতার করা হলেও একজনকে ছেড়ে দেয়ার ঘটনায় নানা সন্দেহ সৃষ্টি করেছে। দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে শাহিন আহমেদকে আদালতে পাঠানো হয়। সাইফুল ইসলাম আওয়ামী লীগের সাথে যুক্ত থাকলেও তার কোনো সাংগঠনিক পদ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়েছে।