স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল
চাকসুর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সার্বিক সহযোগিতায় চবি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প গতকাল রোববার সকাল থেকে চবি বুদ্ধিজীবী চত্বরে উদ্বোধন করা হয়।
চাকসুর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সব ধরনের সেবা দিতে বদ্ধপরিকর। স্বাস্থ্যসেবা এর মধ্যে অন্যতম। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে পড়াশোনা হবে না। আমরা চবি মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্যসেবা বাড়ানোর চেষ্টা করছি। চবি মেডিক্যালকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে। এ ছাড়া মানসিক স্বাস্থ্যসেবা, অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা এখন আমাদের মেডিক্যালে করা যাচ্ছে। আশা করি, চাকসু সামনের দিকে আরো ভালো উদ্যোগ গ্রহণ করবে। এ সময় ভিসি মেট্রোপলিটন হাসাপাতালকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চবি প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, করোনার সময় মেট্রোপলিটন হাসাপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন তারা চাকসুর ডাকে সাড়া দিয়ে আমাদের ক্যাম্পাসে ফ্রি স্বাস্থ্যসেবা দিতে এসেছেন। মেট্রোপলিটন হাসাপাতাল কর্তৃপক্ষকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি, এ উদ্যোগ চবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য কাজে আসবে।
চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে এসে জানলাম অসংখ্য শিক্ষার্থী স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছে। এটা ভালো দিক। এমন উদ্যোগের জন্য চাকসু এবং মেট্রোপলিটন হাসপাতালকে ধন্যবাদ।
উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক বলেন, আমরা কয়েক জায়গায় ফ্রি মেডিক্যাল সেবা দিয়েছি। ক্যাম্পাসের মধ্যে এটাই প্রথম। এ সেবা অব্যাহত থাকবে। এ সময় তিনি মেট্রোপলিটন হাসপাতালে চবি শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ (শর্ত সাপেক্ষে) ছাড়ে সেবা প্রদানের আশ্বাস দেন।
চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন চবি চিফ মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ আবু তৈয়ব, মেট্রোপলিটন হাসাপাতালের ডিরেক্টর আমেনা শাহীন, মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের চিকিৎসক, কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চাকসু ও হল সংসদের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।