গৌরনদীতে জাল নোট ভাঙাতে গিয়ে আটক ১
Printed Edition
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে নারী দোকানদারের কাছে জাল টাকার নোট ভাঙাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন আশরাফ চৌকিদার (৪২) নামে এক ব্যক্তি। পরে তাকে জাল নোটসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যের মোট চার হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বংকুরা এলাকায় এ ঘটনা ঘটে। আটক আশরাফ একই উপজেলার সাহাজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ দীর্ঘ দিন ধরে এলাকায় জাল টাকার বিস্তার ঘটিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তিনি বংকুরা এলাকার একটি দোকানে গিয়ে এক নারী দোকানদারের কাছে জাল টাকা ভাঙানোর চেষ্টা করেন। বিষয়টি দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানান। পরে আশপাশের লোকজন তাকে আটক করে চন্দ্রহার বাজারে নিয়ে আসে।
এ সময় উত্তেজিত জনতা তাকে কিছুটা মারধর করে আটকে রাখে। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফকে জাল নোটসহ আটক করে থানায় নিয়ে যায়।