জুলাই সনদ বাস্তবায়ন ও অনলাইন ক্লাস বন্ধের দাবি খেলাফত মজলিসের

Printed Edition

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এক সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যখাতের সঙ্কট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এই রায় বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। অথচ সরকার এখন পর্যন্ত জুলাই সনদকে অবৈধ ঘোষণা করে সংসদে উত্থাপন করেনি, যা খুবই উদ্বেগজনক। নির্বাচিত সংসদকে অবিলম্বে জুলাই সনদের ৪৮টি প্রস্তাব নিয়ে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানায় সংগঠনটি।

জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী’ বলে আখ্যা দেয় খেলাফত মজলিস। নেতারা বলেন, এতে শিক্ষার্থীরা আর্থিক ও নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঙ্কট সমাধানে অনলাইন ক্লাসের পরিবর্তে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার ও আলোকসজ্জা নিষিদ্ধ করার পাশাপাশি পাবলিক পরিবহনব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন তারা।

দেশের স্বাস্থ্যখাতের বেহাল দশা তুলে ধরে সভায় বলা হয়, সরকারি হাসপাতালে ওষুধ ও সরঞ্জামের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যু এবং মশার উপদ্রব বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। এ ছাড়া জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বলেও সভায় অভিযোগ করা হয়।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা। সভা থেকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত পরিহার করে জনকল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।