সুদানের সাথে অস্ত্র ও যুদ্ধবিমান চুক্তির পথে পাকিস্তান
Printed Edition
রয়টার্স
পাকিস্তান সুদানের সেনাবাহিনীর সাথে প্রায় ১.৫ বিলিয়ন ডলারের অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহ চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ চুক্তি কার্যকর হওয়ার পথে রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এটি পাকিস্তানের সামরিক শিল্পের ইতিহাসে অন্যতম বড় রফতানি চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্রগুলো জানিয়েছে, চুক্তির আওতায় সুদানের সেনাবাহিনীকে ১০টি কারাকোরাম-৮ (কে-৮) হালকা আক্রমণাত্মক বিমান, ২০০টিরও বেশি ড্রোন (স্কাউটিং ও কামিকাজে হামলার জন্য), এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের সাঁজোয়া যান ও যুদ্ধবিমান ইঞ্জিনও অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের সাবেক এয়ার মার্শাল আমির মাসুদ বলেছেন, “এটি কার্যত সম্পন্ন চুক্তি।” তিনি জানান, পাকিস্তান দীর্ঘদিন ধরে সুদানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে এবং বর্তমান চুক্তি সেই প্রচেষ্টার বড় সাফল্য।
সুদানের সেনাবাহিনী বর্তমানে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সাথে ভয়াবহ সঙ্ঘাতে লিপ্ত। এই সঙ্ঘাত গত আড়াই বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সঙ্কট সৃষ্টি করেছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য ও চিকিৎসা সঙ্কট চরমে পৌঁছেছে।