মালির রাজধানীসহ বিভিন্ন শহরে হামলা

Printed Edition

আলজাজিরা

মালির রাজধানী বামাকোসহ দেশটির বেশ কয়েকটি শহরে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। মালির সেনাবাহিনী জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সেনা ছাউনিতে অজ্ঞাত পরিচয় ‘সন্ত্রাসবাদী’ গোষ্ঠীগুলো এই আক্রমণ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার ভোর ৬টার কিছু আগে রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত প্রধান সামরিক ঘাঁটি কাতির কাছে দু’টি বিকট বিস্ফোরণ ও টানা গোলাগুলির শব্দ শোনা যায়। উদ্ভূত পরিস্থিতিতে রাস্তাঘাট বন্ধ করে সেনা মোতায়েন করা হয়েছে। একই সময়ে মালির মধ্যাঞ্চলীয় সেভারে এবং উত্তরাঞ্চলীয় কিদাল ও গাও শহরেও একই ধরনের অস্থিরতা ও লড়াইয়ের খবর পাওয়া গেছে।

বিদ্রোহী জোট ‘আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট’-এর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে, তাদের বাহিনী কিদাল ও গাও শহরের একাধিক সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স জানিয়েছে, বামাকো বিমানবন্দরের কাছে অবস্থিত একটি সামরিক ক্যাম্পের পাশেও প্রচণ্ড গোলাগুলি চলছে, যেখানে রুশ ভাড়াটে যোদ্ধাদের একটি দল অবস্থান করছে।

মালির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে বর্তমানে বিভিন্ন স্থানে লড়াই চলছে। তারা সাধারণ জনগণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এ দিকে মালিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বর্তমানে দেশটিতে সামরিক শাসন জারি রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে।