সংস্কারে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন : টিআইবি
Printed Edition
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখরুজ্জামান বলেছেন, “গণমাধ্যমে সংস্কারের জন্য অনেক কিছুই বাস্তবায়িত হয়নি এখনো। প্রতিটি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য অনেক সুপারিশ ছিল। সরকার নিজেরাই বলেছিলেন, আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবনার তালিকা তৈরি করে দিতে। কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি। কোথায় প্রতিবন্ধকতা ছিল? সবাই মুখে সংস্কার চায়। কিন্তু যারা সংস্কারের মূল চালিকা শক্তি হওয়ার কথা, তাদের ভেতরেই যে প্রতিরোধমূলক শক্তি নিয়ামকের ভূমিকায় রয়েছে তার মধ্যে অন্যতম আমলাতন্ত্র। সংস্কার হতে হলে রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি আমলাতন্ত্রেরও পরিবর্তন হতে হবে। সেটি না হলে জনগণকে আবারো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।”
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত ‘কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। এ সভায় দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক। প্রবন্ধে বাংলাদেশের গণমাধ্যমের ঐতিহাসিক ধারা ও বিভিন্ন আইনি কাঠামো, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকতার চ্যালেঞ্জ, নিবন্ধন ও মালিকানার ধরণ ইত্যাদি বিশ্লেষণের পাশাপাশি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর গণমাধ্যমের বর্তমান পরিবেশ নিয়ে বিষদ আলোচনা করা হয়।
প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও নিউজ টোয়েন্টি ফোরের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, চ্যানেল টোয়েন্টি ফোরের সাবেক নির্বাহী পরিচালক তালাত মামুন, যশোরের দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা, যমুনা টেলিভিশনের বার্তা প্রধান মোহাম্মদ তৌহিদুল ইসলাম, এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আলোচনা অনুষ্ঠান শেষে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে চারজন সাংবাদিক ও একটি প্রামাণ্য অনুষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়। আঞ্চলিক সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন যশোরের দৈনিক গ্রামের কাগজের জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক ফয়সল ইসলাম এবং নিজস্ব প্রতিবেদক আশিকুর রহমান শিমুল। জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সানের জেষ্ঠ্য নিজস্ব প্রতিবেদক রাশেদুল হাসান। টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে বিজয়ী হয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিবেদক (বর্তমানে চ্যানেল ওয়ানের ইনপুট প্রধান এবং পরিকল্পনা সম্পাদক) মুফতি পারভেজ নাদির রেজা। বিজয়ীদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লাখ পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে বিজয়ী হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’। এই প্রামাণ্য অনুষ্ঠানটি অনুসন্ধান ও উপস্থাপনা করেন সার্চলাইট টিমের সাবেক বিশেষ প্রতিবেদক (বর্তমানে স্টার নিউজের বিশেষ প্রতিবেদক) মু. ফয়জুল আলম সিদ্দিক। বিজয়ী প্রামাণ্য অনুষ্ঠানটির জন্য সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লাখ পঞ্চাশ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।