প্রতারণা মামলায় জামিন পেল টয়োটার ৩ শীর্ষ কর্মকর্তা
Printed Edition
নাভানা লিমিটেডের দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও করপোরেট নাশকতার মামলায় হাজিরা দেয়ার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গতকাল টয়োটা বাংলাদেশ ও টয়োটা টুশো করপোরেশনের তিন শীর্ষ কর্মকর্তাকে জামিন মঞ্জুর করেছেন।
আসামিরা হলেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মালয়েশিয়ার নাগরিক প্রেমিত সিং, টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ডেপুটি জেনারেল ডিরেক্টর জাপানি নাগরিক আকিও ওগাওয়া এবং টয়োটা টুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান। তারা পূর্বে জারি করা সমনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন।
শুনানির সময় আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত শর্তসাপেক্ষে বন্ড জমা দেয়ার ভিত্তিতে তাদের জামিন মঞ্জুর করেন। এর ফলে বিচার কার্যক্রম চলাকালীন নির্দিষ্ট সময়ের জন্য তারা জামিনে থাকতে পারবেন। আদালত জানিয়েছেন যে মামলাটি বিচারিক আদালতে (ট্রায়াল কোর্টে) স্থানান্তর করা হবে।
মামলায় নাভানা লিমিটেড অভিযোগ করেছে যে, টয়োটা গাড়ির সাথে তাদের দীর্ঘদিনের ডিস্ট্রিবিউটরশিপ চুক্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অভিযুক্ত কর্মকর্তারা প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং সমন্বিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেছে আসামিদের বিরুদ্ধে। এ ছাড়া তদন্তে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬ ধারা (বিশ্বাসভঙ্গ), ৪১৭ ধারা (প্রতারণা) এবং ৩৪ ধারার (অভিন্ন অভিপ্রায়) অধীনে অভিযোগের ভিত্তি পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে গাড়ি উৎপাদন ও সরবরাহে বিলম্ব করা, কাস্টমস কিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় প্রস্তুতকারকের ইনভয়েস গোপন রাখা এবং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার ফলে নাভানা লিমিটেডের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়। চলমান কার্যক্রমের অংশ হিসেবে আদালত প্রমাণাদি পরীক্ষা চালিয়ে যাবেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।