সুইমিংপুলে সাঁতার কাটল ভালুক

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় তীব্র গরম থেকে বাঁচতে এক কালো ভালুকের অভিনব কাণ্ড চমকে দিয়েছে নেটিজেনদেরদের। একটি বাড়ির পেছনের সুইমিং পুলে নেমে দীর্ঘক্ষণ সাঁতার কাটার পর সেটির পাশে থাকা হট টাবেও আরাম করে বসে থাকতে দেখা গেছে ওই ভালুককে।

ঘটনাটি ঘটেছে নর্থ ভ্যাঙ্কুভারের একটি আবাসিক এলাকায়। বাড়ির মালিক টনি ডিয়ারিং নিজের মোবাইল ক্যামেরায় পুরো দৃশ্য ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, ভালুকটি নির্বিঘেœ পানিতে নেমে শরীর ঠাণ্ডা করছে এবং কিছুক্ষণ পর পুলের সাথে সংযুক্ত হট টাবে গিয়ে শান্তভাবে বসে আছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় ডিয়ারিং বলেন, ইন্টারনেটে নানা মজার ভিডিও দেখা গেলেও নিজের বাড়ির আঙিনায় এমন দৃশ্য প্রত্যক্ষ করার অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। তার ভাষায়, ঘটনাটি ছিল একই সাথে বিস্ময়কর ও অবিশ্বাস্য।

জানা গেছে, ওই সময় এলাকাজুড়ে প্রায় রেকর্ডমাত্রার তাপপ্রবাহ চলছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে আশপাশের বনাঞ্চল থেকে বেরিয়ে এসে ভালুকটি ঠাণ্ডা পানির খোঁজে বাড়ির পেছনের উঠানে ঢুকে পড়ে। বাড়ির মালিকের মতে, কাঠের বেড়ার একটি অংশ ভেঙেই প্রাণীটি ভেতরে প্রবেশ করেছিল।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন, গরমের সময় খাবার বা পানির সন্ধানে ভালুকের লোকালয়ে চলে আসার ঘটনা অস্বাভাবিক নয়। তবে এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রাণীটিকে উসকানি না দেয়া পরামর্শ দেন তারা।

অপ্রত্যাশিত অতিথির এই ‘সুইমিং সেশন’ শেষ পর্যন্ত কারো কোনো ক্ষতি না করেই শেষ হয়। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই রসিকতা করে মন্তব্য করেন, প্রচণ্ড গরমে মানুষের মতো ভালুকেরও বুঝি একটু জলকেলির প্রয়োজন হয়েছিল।