চট্টগ্রামে মেরিন একাডেমির ৫৯ ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বিশ্বমানের মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার তৈরির জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে ৫৯ ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্র্যাজুয়েশন প্যারেড) গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।

এ বছর ৫৯ ব্যাচে ১১ জন ফিমেল ক্যাডেটসহ নটিক্যাল শাখায় ৮২ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৭৮ জন ক্যাডেট মোট ১৬০ জন ক্যাডেট অফিসার তাদের দুই বছরের কঠোর অ্যাকাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষে প্রি-সি সনদ লাভ করেন।

বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পদক তুলে দেন। এ বছর ৫৯ ব্যাচ ক্যাডেটদের মধ্যে সব ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মিফতাহুল ইসলাম রেজা, ক্যাডেট নং-৫৭৮৯-মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক অর্জন করেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন সচিব বলেন, মেরিন ক্যাডেটদের প্রশিক্ষণের মানোন্নয়ন, প্রশিক্ষকের সংখ্যাবৃদ্ধি, প্রশিক্ষণের উপকরণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, দেশী-বিদেশী সমুদ্রগামী জাহাজে নিয়োগের পথ সুগম করা, আন্তর্জাতিক অবস্থান সুসংহত করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই মেরিন একাডেমিকে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রূপান্তরকরণের লক্ষ্যে সরকারি অর্থায়নে ১১৫ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই একাডেমি ছয় দশকেরও বেশি ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে বাংলাদেশের মেরিটাইম সেক্টরে এক অনন্য অধ্যায় রচনা করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ ৭৬০ জন নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেট এই একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষিত ক্যাডেটরা বিশ্বব্যাপী বিভিন্ন শিপিং কোম্পানি ও মেরিটাইম প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের আর্থসামাজিক কাঠামোতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।