স্পোটিং উইকেটে খুশি শান্ত

আজ শুরু বিসিএল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সকাল ৯টায় বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর উত্তরাঞ্চল। একই সময়ে রাজশাহীতে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল।

প্রায় পাঁচ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে জাতীয় ক্রিকেট দল। গত বছরের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল লাল-সবুজ জার্সিধারীরা। আগামী মার্চের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অপেক্ষার অবসান হবে বাংলাদেশের। তার আগে ৫০ ওভারের ক্রিকেটের প্রস্তুতির জন্য বিসিএলে অংশ নিচ্ছেন ক্রিকেটাররা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিসিএলের প্রত্যাশা করে বগুড়ায় সাংবাদিকদের শান্ত বলেন, ‘বগুড়ার উইকেট ভালো ও স্পোর্টিং। উইকেটটি দেখতে স্পোর্টিং দেখাচ্ছে। ব্যাটার এবং বোলার দু’দলের জন্য উপকারী হবে। খুব ভালো এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার আশা করছি। যারা ঘরোয়া টুর্নামেন্ট খেলছে তাদের জন্যও বড় একটি সুযোগ। চারটি দলই ভালো, ভালো দু’টি ভেনুতে খেলা হচ্ছে। যেখানে অনেক রান হয়। উইকেট স্পোর্টিং হয়। প্রস্তুতির দিক থেকে ভালো একটি সুযোগ। ভালো প্রস্তুতি নিয়ে পাকিস্তান সিরিজে যেতে পারব।’

উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য দলের সেরা পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিচ্ছেন শান্ত। তার কথায়, ‘জয়ের জন্য ভাল ক্রিকেট খেলতে হবে। এ ক্ষেত্রে অন্য কিছু ভাবার সুযোগ নেই। যে দল ভালো পারফর্ম করবে, তারাই জিতবে। আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ এবং সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, ফলাফল পক্ষেই আসার কথা।’

টুর্নামেন্টে সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। বগুড়া ও রাজশাহীতে ভালো উইকেটের আশা করে তিনি বলেন, ‘বগুড়া, রাজশাহীতে সবসময় স্পোর্টিং উইকেট হয়। আশা করি ভালো উইকেট পাবো। এখানে সবসময়ই হাই স্কোরিং খেলা হয়। আগেও খেলেছি এখানে। দেখা যাক কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি।’

গত দুই বছর ধরে ওয়ানডে ফরম্যাটে নিয়মিত ব্যর্থ হচ্ছেন লিটন দাস। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে ৬৬ রানের পর আর কোনো হাফসেঞ্চুরির দেখা পাননি বাংলাদেশের টি-২০ অধিনায়ক। শেষ আট ইনিংসে চারবার আউট হয়েছেন শূন্য রানে। ধারাবাহিক এমন ব্যর্থতার পরও লিটনকে নিয়ে ইতিবাচক কথাই বলেন ওয়ানডে অধিনায়ক শান্ত, ‘লিটন যেভাবে টি-২০ ফরম্যাট খেলছে কিছুদিন ধরে এবং টেস্টে সে নিয়মিত পারফর্মার, আমার মনে হয় না ওয়ানডে ফরম্যাট নিয়ে তার চিন্তার বেশি কোনো কারণ আছে। খুব ভালো শেপে আছে।’