নির্বাচন হতেই হবে, বিকল্প নেই : মান্না
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
অন্তর্বর্তী সরকারের ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন হতেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বর্তমান অন্তর্বর্তী সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।
তিনি বলেন, এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে, আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? কিন্তু এনসিপি বলেছে, আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক।
সাবেক এই ছাত্র নেতা বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে; কিন্তু ভারত হুলস্থূল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই।
তিনি বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে, আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।