দীঘিনালার বাজারে পুড়ে ছাই ৩৫ দোকান
Printed Edition
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মধ্য রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামালসহ সব কিছু পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গভীর রাতে আগুন লাগায় দোকানগুলো থেকে কোনো কিছুই রক্ষা করা যায়নি। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।