সিরিয়ায় দখলকৃত ভূখণ্ড ছাড়তে নারাজ নেতানিয়াহু
Printed Edition
আনাদোলু এজেন্সি
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ সিরিয়ার দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইল কোনো অবস্থাতেই সরে যাবে না। গত রোববার দেশটির কূটনীতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু বলেন, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার বাথ শাসন পতনের পর যেসব এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে আসে, সেগুলো ত্যাগের কোনো পরিকল্পনা নেই তেল আবিবের। তিনি বলেন, ‘আমরা এই সম্পদগুলো ধরে রাখতে চাই’। তার ইঙ্গিত মূলত জাবাল আল-শেখ (মাউন্ট হারমন) এবং গোলান মালভূমির সংলগ্ন বাফার জোনের দিকে, যেগুলো ১৯৬৭ সাল থেকে ইসরাইল দখল করে রেখেছে।
তিনি আরো বলেন, ইসরাইল দক্ষিণ সিরিয়া ‘নিরস্ত্রীকরণ’ বিষয়ে দামেস্ক প্রশাসনের সাতে একটি সমঝোতায় পৌঁছাতে চায়। তবে এরই মধ্যে ইসরাইলি বাহিনী সিরিয়ার ভেতরে সামরিক উপস্থিতি বাড়ানো অব্যাহত রেখেছে।
গত ২৭ নভেম্বর সংঘর্ষ তীব্র হওয়ার পর এবং ৮ ডিসেম্বর ৬১ বছরের বাথ শাসনের পতনের পর সিরিয়ায় ইসরাইলি সামরিক হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এ সময় ইসরাইল সিরিয়ান বাহিনীর ফেলে যাওয়া বহু সামরিক স্থাপনা ধ্বংস করে এবং গোলান মালভূমির দখল আরো সম্প্রসারণ করে। ইসরাইলি বাহিনী গোলান মালভূমির নিকটবর্তী বাফার জোনে ঢুকে পড়ে এবং দখলকৃত এলাকা সামনে বাড়িয়ে রাজধানী দামেস্ক থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দূরত্ব পর্যন্ত অগ্রসর হয়।
উল্লেখ্য, সিরিয়ার গোলান মালভূমি ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে রয়েছে। ১৯৭৪ সালের আলাদা থাকার (ডিসএগ্রিমেন্ট) চুক্তিতে বাফার জোন ও নিরস্ত্রীকৃত এলাকার সীমারেখা নির্ধারণ করা হয়। অন্য দিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী এর আগেও স্পষ্ট করে বলেছেন যে, দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইল সরে না গেলে কোনো ধরনের চুক্তি সম্ভব নয়।