থাইল্যান্ডে নির্বাচন হতে পারে ৮ ফেব্রুয়ারি

Printed Edition

রয়টার্স

থাইল্যান্ডে আগামী ৮ ফেব্রুয়ারি পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম থাই পিবিএস, টেলিভিশন চ্যানেল পিপিটিভি এবং ডিজিটাল সংবাদমাধ্যম প্রচাথাই গতকাল সোমবার এ দাবি করেছে।

গত শুক্রবার থাই পার্লামেন্ট ভেঙে দেন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। দেশটির আইন অনুযায়ী, পার্লামেন্ট ভেঙে দেয়ার পর ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এ দিকে নির্বাচন কমিশন বর্তমানে নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে একটি বৈঠক করছে বলে জানিয়েছেন কমিশনের এক কর্মকর্তা। তবে তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত তারিখ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে অস্বীকৃতি জানান। প্রত্যাশার চেয়ে আগেভাগে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন সময়, যখন প্রধানমন্ত্রী আনুতিন গত সপ্তাহে পার্লামেন্টের সবচেয়ে বড় দল পিপলস পার্টির সাথে মতবিরোধে জড়িয়ে পড়েন। একই সময়ে প্রতিবেশী কম্বোডিয়ার সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই তিনি পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন।