উন্নয়নের পাশাপাশি চাঁদাবাজি বন্ধ করা হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
Printed Edition
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
নির্বাচিত হলে চাঁদাবাজি চিরতরে বন্ধসহ এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। গত মঙ্গলবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর উইমেন জব ক্রিয়েশন হলরুমে অনুষ্ঠিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা: মাহমুদুল হক, জেলা জামায়াত নেতা ডা: আফতাব উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, সাস’র নির্বাহী পরিচালক শেখ ঈমান আলী, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আ: রহমান, প্রভাষক আনিছুর রহমান, পানি কমিটির সদস্য জিল্লুর রহমান, তালা উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, শালিখা কলেজের অধ্যাপক হাফেজ আজিজুর রহমান প্রমুখ।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, মহান আল্লাহর ইচ্ছায় যদি আমি আসন্ন সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে শুধু তালা সদর নয়, সমগ্র তালা উপজেলা ও কলারোয়া অঞ্চলের সব প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করব। মাদক ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।