হাজারো দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী দিলেন এমপি সাইফুল আলম

Printed Edition
3rd-3
মগবাজারে দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন এমপি সাইফুল আলম মিলন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে হাতিরঝিল থানার ১০০০ সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মগবাজার বিটিসিএল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের তত্ত্বাবধানে প্রায় ১০ লাখ টাকার এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, ইসলামের শিক্ষা হলো ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রের হক রয়েছে। আমাদের সমাজের সব সচ্ছল ব্যক্তির উচিত তাদের আশপাশের অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। আমি ঢাকা-১২ আসনের সব মানুষের প্রতিনিধি, তাই দল-মত নির্বিশেষে সবাইকে নিয়েই আমরা সমৃদ্ধ সমাজ গড়তে কাজ করব।

তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের সব নিম্নবিত্ত মানুষ যাতে সুন্দরভাবে রোজা পালন ও জীবনযাপন করতে পারে, সেজন্য সামর্থ্যবানদের সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাতিরঝিল থানার আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও সমাজকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা সমাজ পরিচালনার পাশাপাশি ইনসাফ কায়েমের লক্ষ্যে রাষ্ট্র পরিচালনার দিকেও অগ্রসর হচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ ১০০০ পরিবারের হাতে উন্নতমানের ‘ফুড প্যাক’ তুলে দেয়া হয়েছে। ইতঃপূর্বে আমরা তেজগাঁও এবং শেরেবাংলা নগর এলাকায় এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংগঠনটির প্রচার ও মিডিয়া সেল থেকে জানানো হয়, এই কর্মসূচিতে প্রতিটি পরিবারকে রমজানের অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যের প্যাকেট প্রদান করা হয়েছে। বিতরণকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, হাতিরঝিল পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল ওয়াদুদ সরদার, ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইন প্রমুখ।