বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী
Printed Edition
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি
বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং দ্রুত বিকাশ লাভ করছে এবং এটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে অনন্য অবদান রাখছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার এই শিল্পের টেকসই বিকাশে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।
গত ১ মার্চ রাজধানীর হোটেল ৭১-এ সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) আয়োজিত ‘দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকভিত্তিক জাকাত সংগ্রহ ও বণ্টন’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ফিকহ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো: আনোয়ার হোসাইন মোল্লা, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের মেম্বার মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী এতে স্বাগত বক্তব্য দেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ওমর ফারুক ‘দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকভিত্তিক জাকাত সংগ্রহ ও বণ্টন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।