চুয়াডাঙ্গার দুইটি আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের সম্পদের হিসাব

Printed Edition
bangla-1
চুয়াডাঙ্গার দুইটি আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের সম্পদের হিসাব

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের হলফনামায় তাদের সম্পদের বিবরণ প্রকাশ পেয়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর মোট সম্পদের পরিমাণ ৮৩ কোটি ২০ লাখ ২৩ হাজার ৪৩৩ টাকা। স্নাতক (সম্মান) পাস এ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী ২০২৫-২৬ সালে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৪ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৬২৬ টাকা। তার স্ত্রী নার্গিসের নামে বার্ষিক আয় দেখানো হয়েছে ৩৯ লাখ ৩৭ হাজার ৯৪৩ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৬ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার ৯৪৫ টাকা। এ ছাড়া বাবু খানের কাছে নগদ টাকা আছে চার লাখ এক হাজার ৬৪৫ টাকা। তার স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ১১ কোটি ৬২ লাখ ৩১ হাজার ৩২৩ টাকা এবং তার স্ত্রীর নামে আছে ৪৫ লাখ ৫৭ হাজার ৯৬২ টাকা। স্ত্রীর নামে ৫০ ভরি স্বর্ণ গচ্ছিত রয়েছে।

এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন পেশায় আইনজীবী ও ব্যবসায়ী। ২০২৫-২৬ সালের আয়কর রিটার্নে বছরে তার আয় দেখানো হয়েছে ৮ লাখ দুই হাজার ৭৪ টাকা। মোট সম্পদের পরিমাণ ৮৫ লাখ ৭১ হাজার ৩৫১ টাকা। পেশায় শিক্ষক তার স্ত্রী স্বপ্না খাতুনের বার্ষিক আয় দেখানো হয়েছে ছয় লাখ ৮৯ হাজার ১০০ টাকা। মোট সম্পদের পরিমাণ ৬০ লাখ ১৪ হাজার টাকা। রুহুল আমীনের কাছে নগদ টাকা আছে ১২ লাখ ৬৮ হাজার ৩৫১ টাকা। তার স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য ১৪ লাখ ৮৫ হাজার টাকা। স্বর্ণ আছে নিজের নামে ২৫ ভরি এবং স্ত্রীর নামে ৩০ ভরি। তার মোট সম্পদের মূল্য ৫৪ লাখ ৮১ হাজার ৩৫১ টাকা।

চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের বাড়ি চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায়। বিএ পাস ব্যবসায়ী এই প্রার্থীর বার্ষিক আয় ২৩ লাখ ৩৫ হাজার ৩৪৪ টাকা। মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ ১৫ হাজার ৩৪৪ টাকা। তার স্ত্রী কাজী মুসারবাত তানজিলা গৃহিণী। স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্টে বছরে লাভ দেখানো হয়েছে ২৭ হাজার ৩৭২। নগদ অর্থ দেখিয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৬৫৫ টাকা। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২৮ লাখ চার হাজার ৫৫৯ টাকা। শরীফুজ্জামানের নামে তিনটি ব্যাংক অ্যাকাউন্টে মোট টাকার পরিমাণ ১৪ লাখ ৩৪ হাজার ১১০ টাকা দেখানো হয়েছে। নিজের নামে ১০ ভরি স্বর্ণ গচ্ছিত আছে বলে উল্লেখ করেছেন, যা তিনি উপহার হিসেবে পেয়েছেন। স্ত্রীর নামে আছে ৪৩ ভরি স্বর্ণ।

এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আয় দেখিয়েছেন চার লাখ ৫০ হাজার টাকা। মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা। সর্বশেষ আয়কর রিটার্নে স্ত্রী ওয়াহিদা পারভীনের নামে বছরে আয় দেখিয়েছেন চার লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩৯ লাখ ১৬ হাজার ৬৫৮টাকা।

রাসেল তার সম্পদের মধ্যে নগদ অর্থ দেখিয়েছেন পাঁচ লাখ ৭ হাজার ৪০৯ টাকা। ব্যাংকে দেখানো হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৪০৯ টাকা। তার স্ত্রীর নামে ব্যাংকে মাসিক ডিপিএস আছে পাঁচ হাজার টাকা। তার নামে পাঁচ ভরি স্বর্ণ এবং স্ত্রীর নামে স্বর্ণ আছে ১০ ভরি।