সানমেরিনোর সাথে ম্যাচ বাংলাদেশের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ইউরোপিয়ান দেশে গিয়ে বাংলাদেশের ফুটবলারদের খেলাটা নতুন কিছু নয়। এই শতাব্দীর শুরুতে ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইংল্যান্ডে গিয়ে ভারতের সাথে প্রদর্শনী ম্যাচ খেলেছিল। আলফাজ আহমেদরা সেই ম্যাচে ০-১ গোলে হেরেছিল। এ ছাড়া চট্টগ্রাম আবাহনীসহ ফ্রেন্ডস ইউনাইটেডও ইংল্যান্ডে খেলতে গিয়েছিল। তবে ফিফা প্রীতি ম্যাচ খেলতে এই প্রথম ইউরোপে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জুনে আগামী ফিফা উইন্ডো। এই উইন্ডোতে ৫ জুন বাংলাদেশ ম্যাচ খেলবে সানমেরিনোর সাথে। সানমেরিনোর মাঠেই হবে এই খেলা। আর্ডিয়াটিক সাগরের তীরবর্তী এবং ইতালির পাশর্^বর্তী ছোট দেশ এই সানমেরিনো। মাত্র ২৩.৫ মাইল বা ৬১ কিলোমিটারের দেশ এটি। লোক সংখ্যা ৩৪ হাজার। ফিফা র্যাংকিংয়ে এই দেশটির অবস্থান ২১১। সেখানে জামাল ভুঁইয়া-হামজা চৌধুরীদের অবস্থান ১৮১। এমন দলের বিপক্ষে খেলার ফলে জিতলে র্যাংকিং বাড়বে। এই যা। লাল-সবুজদের শক্তির প্রকৃত পরীক্ষা হবে না। গত দশ বছরে ২০০ কমে আসতে পারেনি সানমেরিনোর ফিফা র্যাংকিং।
আরেকটি বিষয় বাংলাদেশ হলো প্রথম এশিয়ান দেশ যাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে সানমেরিনো। যদিও ন্যাশনাল টিমস কমিটির সর্বশেষ সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, ‘বাংলাদেশ জুন উইন্ডোতে থাইল্যান্ড- মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা করছে।’ এ ছাড়া ওই সময়ে মালদ্বীপের টুর্নামেন্টেও আমন্ত্রণ ছিল। শেষ পর্যন্ত বাফুফে উইরোপে গিয়ে খেলার পক্ষেই মত দিয়েছে।