অরিজিৎ সিংকে নিয়ে যা লিখলেন বিটিএস তারকা জাংকুক!

Printed Edition
bino-2
অরিজিৎ সিংকে নিয়ে যা লিখলেন বিটিএস তারকা জাংকুক!

বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর জাংকুকের সাথে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং-এমন খবরে বর্তমানে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই অরিজিতের সাথে নিজের ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরো উসকে দিয়েছেন খোদ জাংকুক। ইনস্টাগ্রামে অরিজিতের সাথে কাটানো মুহূর্তের তিনটি ছবি পোস্ট করে জাংকুক ভারতীয় এই গায়ক সম্পর্কে তার গভীর মুগ্ধতা ও উপলব্ধি প্রকাশ করেছেন।

বিটিএস তারকা ক্যাপশনে লিখেছেন, ‘আমি উপলব্ধি করলাম, অরিজিৎ সিং কেবল একজন অসাধারণ শিল্পীই নন, তিনি অত্যন্ত মানবিক। তার কথা বলার ধরন, চালচলন... তার মধ্যে এক ধরনের শান্ত উষ্ণতা আছে যা সচরাচর দেখা যায় না। মানুষ তার গানের প্রশংসা করে, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি যেমন, তা আপনাকে তার প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল করে তুলবে।’ জানা গেছে, জাংকুক সম্প্রতি অত্যন্ত গোপনে ভারত সফর করেছেন। এই সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, কোনো কনসার্ট বা শোর জন্য নয়, বরং স্রেফ সঙ্গীতের টানেই তিনি অরিজিৎ সিংয়ের সাথে দেখা করতে এসেছেন। তারা দীর্ঘ সময় একসাথে বসে কথা বলেছেন, পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন এবং দুই শিল্পী মিলে বিশেষ কিছু একটা তৈরি করেছেন যা ভক্তদের জন্য বড় কোনো চমকের ইঙ্গিত দিচ্ছে।

জাংকুকের শেয়ার করা ছবিগুলোর একটিতে দেখা যায়, দুই তারকা একসাথে বসে ঘরোয়া পরিবেশে কিছু একটা খাচ্ছেন। দ্বিতীয় ছবিতে দেখা যায় জাংকুক গিটার বাজাচ্ছেন এবং অরিজিৎ সিং অত্যন্ত মনোযোগ দিয়ে তা শুনছেন। আর তৃতীয় ছবিটি একটি মিউজিক রুমের, যা দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে যে পর্দার আড়ালে নতুন কোনো সুর সৃষ্টি হচ্ছে। এদিকে প্রায় চার বছর বিরতির পর গত ২০ মার্চ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করে বিশ্বজুড়ে রেকর্ড সৃষ্টি করেছে। মুক্তির প্রথম দিনেই ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে এটি কে-পপের ইতিহাসে নতুন ইতিহাস গড়েছে। অ্যালবামের ‘সুইফম’ গানটি বর্তমানে ৯০টি দেশের আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে রয়েছে। এমন সাফল্যের রেশ কাটতে না কাটতেই অরিজিতের সঙ্গে জাংকুকের এই ছবিগুলো বিশ্বসঙ্গীতের দুই জগতের মেলবন্ধনের স্পষ্ট আভাস দিচ্ছে।