পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে বাধা, কেন্দ্র ঘেরাও

Printed Edition

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে কেন্দ্র ঘেরাও করে এবং পুনঃপরীক্ষার দাবি জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও পরীক্ষার সময় তা নিষিদ্ধ করা হয়। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বিদ্যালয় ও থানা গেটে তালা ঝুলিয়ে দেয়। অভিযোগ রয়েছে, কেন্দ্র পরিদর্শকের বাসায়ও হামলার ঘটনা ঘটে। হল সুপার কামরুজ্জামান বলেন, পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রের ট্যাগ অফিসার বরুন কুমার রায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার মন্তব্য করতে রাজি হননি। ট্যাগ অফিসার বরুন কুমার রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে শিক্ষা বোর্ডের সাথে আলোচনা করা হবে।