‘রাজার চিঠি’র পরপর দুবার মঞ্চায়নে মুগ্ধ দর্শক

Printed Edition
bino-4
‘রাজার চিঠি’র পরপর দুবার মঞ্চায়নে মুগ্ধ দর্শক

বিনোদন প্রতিবেদক

নাট্যদল ‘জাগরণী থিয়েটার’-এর ১৫তম প্রযোজনা মাহফুজা হিলালীর রচনা ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় ‘রাজার চিঠি’ গত ৪ এপ্রিল বিকেল সোয়া ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হয়। এ নাটকটি ৫১ ও ৫২তম প্রদর্শনী। বেশ কিছু দিন বিরতির পর রাজার চিঠির মঞ্চায়ন হওয়ার কারণে শোতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, নাটকটির পরপর দুই মঞ্চায়ন নিয়ে ভীষণ খুশি। স্মরণ সাহা বলেন, ‘সবসময় দর্শকের কারণেই এই নাটক মঞ্চায়ন করার অনুপ্রেরণা পাই। এরই মধ্যে ৫১ ও ৫২তম মঞ্চায়নে তাদের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছি, ইচ্ছে আছে এই নাটকের শততম মঞ্চায়ন করার। বাকিটা আসলে ঈশ্বর জানেন। দলের হয়ে বারবার এই নাটকের মঞ্চায়নে সবাই যেভাবে শ্রম দেন, কষ্ট করেন তাতে সবার প্রতিই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি ভবিষ্যতেও সবাই একইভাবে পাশে থাকবেন ঠিক দর্শকও আমাদের সাথে থাকবেন।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা, অনিকেত পাল, শাহানা জাহান সিদ্দিকা, শাহানাজ শারমিন খান শিমু, জুলিয়েট সুপ্রিয়া, মো: রফিকুল ইসলাম রনি, সজিব চন্দ, শ্রেয়া সাহা স্বর্ণা, শ্রাবণ সূত্রধর, অথৈ দাস, রাকিবুল ইসলাম রাহাত, আশেয়া আক্তার মারিয়া ও রফিকুল হাসান রিজওয়ান। নাটকটির কোরিওগ্রাফিতে আছেন অনিকেত পাল বাবু, সঙ্গীতে রমিজ রাজু, আলোক নিয়ন্ত্রণে ঠাণ্ডু রায়হান, পোশাক ডিজাইনে এনাম তারা সাকী, পোস্টার ও স্যুভেনির ডিজাইনে শোয়েব হাসনাত মিতুল, ব্যবস্থাপনা ও সমন্বয়কারী আজিম উদ্দিন, শব্দ প্রক্ষেপণে ইমন হোসেন। ১৯৩৯ সালে সিরাজগঞ্জের শাহাজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি এবং রবীন্দ্র সাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনী নিয়েই রাজার চিঠি নাটকটি লেখা।