হাতকড়া পরে ২৯ মাইল সাঁতার!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা ৪৯ বছর বয়সী মাইকেল মোরো এক অনন্য কীর্তি দেখালেন। হাতকড়া পরে খোলা পানিতে সাঁতার কেটে তিনি ২৮.৫ মাইল পথ পাড়ি দিয়েছেন। এটি শুধু ২০-৫০ মিটার বা ১-২ কিলোমিটারের ছোট কীর্তি নয়, বরং ১০ ঘণ্টারও কম সময়ে তিনি নিউ ইয়র্কের ইস্ট রিভার, হার্লেম নদী ও হাডসন নদী পার করে তার সাঁতার সম্পন্ন করেন।

এই সাফল্যের ফলে মোরো দু’টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক হন। প্রথমটি হলো, হাতকড়া পরে খোলা পানিতে সবচেয়ে দীর্ঘ সাঁতার। আর দ্বিতীয়টি, হাতকড়া পরে নিউ ইয়র্কের জলপথ ঘুরে আসা প্রথম (এবং দ্রুততম) সাঁতারু হিসেবে।

মোরোর সহ-সাঁতারু ক্যাপ্রি জাটিয়াসমোরো বলেন, খোলা পানিতে সাঁতারের উত্তেজনা এত তীব্র যে তা প্রায় অবৈধ আনন্দের মতো। তিনি মজার ছলে আরো যোগ করেন, সাঁতার শেষে আমি এমন অনুভব করি, যেন আমি ঘুড়ির মতো উড়ছি। হাতকড়া পরে সাঁতার দেয়ার প্রেরণা জানিয়ে মোরো বলেন, আমি এমন সব মানুষের গল্প শুনতে শুরু করি যারা সীমারেখা ছাড়িয়ে যেতে কখনো হাল ছাড়েননি। তখন ভাবলাম, ‘আমি কেন পারব না?’ এবং ঠিক এখান থেকে শুরু হলো আমার যাত্রা।

ছোটবেলা থেকেই সাঁতারে আগ্রহী মোরো বলেন, আমার বাবা-মা বলেন, হাঁটার আগেই আমি সাঁতার জানতাম। কথা বলার আগে আমি জানিয়ে দিতাম, আমি পানিতে থাকতে চাই। পানিই আমার ঠিকানা।

স্কুল ও কলেজে তিনি ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন সাঁতারু এবং একাধিক রেকর্ডের মালিক। তবে দুই দশক পানিতে ফিরে আসেননি। মধ্য-চল্লিশে আবারো সাঁতারের প্রতি তার আগ্রহ জেগে ওঠে। ডায়ানা নায়াড ও রস এডজলির মতো ম্যারাথন সাঁতারুদের ভিডিও দেখে মোরোর মনে হয়, তার ভেতরে এখনো অনেক কিছু বাকি আছে।