ইরানে যেকোনো সামরিক হস্তক্ষেপের বিপক্ষে তুরস্ক : হাকান ফিদান

Printed Edition
onno-4
ইরানে যেকোনো সামরিক হস্তক্ষেপের বিপক্ষে তুরস্ক : হাকান ফিদান

আনাদোলু

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের নিজেদেরই সমাধান করতে হবে। একই সাথে এ সঙ্কট নিরসনে আঙ্কারা তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাকান ফিদান এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ইরানে সামরিক হস্তক্ষেপের বিপক্ষে। তুরস্কের অগ্রাধিকার হলো ইরানে অস্থিতিশীলতা এড়ানো। আমরা আশা করি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এ সংঘাতের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাবে।’

ফিদান আরো বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে শক্তি প্রয়োগের বিষয়টি আমরা এড়িয়ে চলতে চাই। তেহরান এবং ইসরাইল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সহিংসতার কোনো সম্ভাবনাকে আঙ্কারা অনুমোদন করে না।’ তিনি জোর দিয়ে বলেন যে, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হওয়া উচিত, কারণ ইরানে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি হলে তা সামলানো এ অঞ্চলের পক্ষে সম্ভব হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ট্রাম্পের নীতিগুলো ভালোভাবে খেয়াল করে দেখেন, আমরা এখনো পর্যন্ত ইরানে স্থলবাহিনী ব্যবহারের কোনো সম্ভাবনা দেখছি না।’

ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ‘যখন কোনো দেশ নিষেধাজ্ঞার মুখোমুখি হয়, তখন কিছু অর্থনৈতিক পরিষেবা সীমিত হয়ে পড়ে। ইরানের জনসংখ্যা বিশাল এবং সেখানে একটি গতিশীল সমাজ রয়েছে। সেখানে পরিশীলিত মানুষ রয়েছে, যাদের জীবনের প্রতি এবং সামাজিক জীবনে অংশগ্রহণের জন্য তীব্র আকাক্সক্ষা রয়েছে। যখন আপনি এ ধরনের সমাজকে নির্দিষ্ট সুযোগ থেকে বঞ্চিত করেন, তখন এ সমস্যাগুলো দেখা দেয়।’