মদনে হাওরাঞ্চলে একই কক্ষে ৬ শ্রেণীর ক্লাস

Printed Edition

মদন (নেত্রকোনা) সংবাদাতা

নেত্রকোনার হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার অবস্থা বেহাল। একই শ্রেণীকক্ষে নিচ্ছে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয় ক্লাস। উপজেলার মাঘান ইউনিয়নের এ ইউ খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

বিদ্যালয় সূত্রে জানায়, এ ইউ খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৮০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন প্রধান শিক্ষকসহ মোট চারজন। বিদ্যালয়টিতে সরেজমিন দেখা যায়, খন্দকার ওলীউর রহমান নামে এক শিক্ষক প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছয় শ্রেণীর শিশুদের একত্র করে একই শ্রেণিকক্ষে ইংরেজি পড়াচ্ছেন। এ সময় তিনি ইংরেজি গ্রামার অংশ থেকে ঞবহংব (কাল) পড়াচ্ছেন। যেখানে প্রাক-প্রথমিক শিশুদের অক্ষরজ্ঞান নেই সেখানে শিক্ষক নিচ্ছেন এমন ক্লাস।

প্রধান শিক্ষক শ্রীকান্ত দাসকে এ সময় পাওয়া যায়নি। বাকি দু’জন শিক্ষক মিলনায়তনে ক্লাস না নিয়ে অলস সময় কাটাচ্ছেন। বিদ্যালয়টির সহকারী শিক্ষক খন্দকার ওলীউর রহমান জানান, সব ছাত্রছাত্রী আসেনি। তাই বেসিক থেকে পড়াচ্ছি। অন্য আরেক সহকারী শিক্ষক খন্দকার কামরুল ইসলাম জানান, বাচ্চারা ঘোরাঘুরি করছিল তাই স্যার সব ছাত্রদের এভাবে পড়াচ্ছেন। সব ছাত্র আসলে আলাদা করে ক্লাস নেয়া হবে।

প্রধান শিক্ষক শ্রীকান্ত দাস জানান, আমি ছুটিতে আছি। তবে একই শ্রেণিকক্ষে ছয় শ্রেণীর ক্লাস কোনোভাবেই সম্ভব নয়। আমি বিষয়টি দেখব। উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, এভাবে পড়ানোর কোনো সিস্টেম নেই। এ ব্যাপারে ইউএনও বেদবতী মিস্ত্রী জানান, আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।