পন্টেজ চার্জ সমন্বয়ে রেলের ৬ রুটে ভাড়া বাড়ল
কার্যকর ২০ ডিসেম্বর
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ছয়টি রুটে মাশুল আরোপ বা পন্টেজ চার্জ সমন্বয়ের কারণে যাত্রীভাড়া বেড়েছে। সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে ব্রিজ ও কালভার্ট ব্যবহারের চার্জ সমন্বয় করায় ভাড়া সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নতুন ভাড়া কার্যকর হবে ২০ ডিসেম্বর থেকে।
গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেলওয়ের তথ্যানুযায়ী, পূর্বাঞ্চলে সর্বশেষ পন্টেজ চার্জ সংশোধন হয়েছিল ১৯৮২ সালে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সেতু ও ওভারপাস ব্যবহারের চার্জ পুনর্নির্ধারণ করায় কিছু রুটে ভাড়া বেড়েছে।
ঢাকা-চট্টগ্রাম রুটের বাণিজ্যিক দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে বাড়িয়ে ৩৮১ কিলোমিটার ধরা হয়েছে। এতে এই রুটে ভাড়া বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেসের স্নিগ্ধা ভাড়া ৮৫৫ থেকে বেড়ে ৯৪৩ টাকা হয়েছে। ফার্স্ট বার্থ এক হাজার ২৫ থেকে এক হাজার ১৩৩ এবং এসি সিট এক হাজার ৫৯০ থেকে এক হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেসের স্নিগ্ধা এক হাজার ৩২২ থেকে বেড়ে এক হাজার ৪৪৯ টাকা হয়েছে। এসি সিট এক হাজার ৫৯০ থেকে এক হাজার ৭৪০ এবং এসি বার্থ দুই হাজার ৪৩০ থেকে দুই হাজার ৬৫৬ টাকা হয়েছে- যা বাড়তির মধ্যে সর্বোচ্চ। ঢাকা-সিলেট রুটে স্নিগ্ধা ভাড়া ৭১৯ থেকে বেড়ে ৭৮৮ টাকা হয়েছে। এসি সিট ৮৬৩ থেকে ৯৪৩ এবং এসি বার্থ এক হাজার ৩৩৮ থেকে এক হাজার ৪৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম-সিলেট রুটে স্নিগ্ধা ভাড়া ৮৫৭ থেকে বেড়ে ৯০৯ টাকা হয়েছে। শোভন চেয়ারে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট বার্থ এক হাজার ১৩৭, এসি সিট এক হাজার ৮৭ এবং এসি বার্থ এক হাজার ৫৯১ থেকে এক হাজার ৬৭৮ টাকা করা হয়েছে।
চট্টগ্রাম-জামালপুর রুটে শোভন চেয়ার ৫২৫ থেকে ৫৪৫, স্নিগ্ধা এক হাজার ৭ থেকে এক হাজার ৪১ এবং এসি বার্থ এক হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে শোভন চেয়ার ২৫০ থেকে বেড়ে ২৫৫, স্নিগ্ধা ৪৭৮ থেকে ৪৮৯ এবং এসি বার্থ ৯২৪ টাকা করা হয়েছে। রেলওয়ে জানিয়েছে, দীর্ঘদিন পর পন্টেজ চার্জ সমন্বয় করায় ভাড়ায় এ পরিবর্তন আনা হয়েছে।