পাকিস্তানের বিপক্ষে সিরিজ
হ্যাটট্রিক জয়ে এগিয়ে গেল বাংলাদেশ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সব রোমাঞ্চ অপেক্ষা করছিল শেষ দিনের জন্যই। ড্র, বাংলাদেশের জয়, পাকিস্তানের জয় তিন ধরনের ফলেরই সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পেসার নাহিদ রানার গতিতে সব নাটকীয়তার অবসান হয়। শেষ হাসি হাসে স্বাগতিকরাই। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট জয়ের পর এবার মিরপুরে হারিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের হ্যাটট্রিক করল বাংলাদেশ। ১২০২ রানের ম্যাচে ১০৪ রানে জয় পায় টাইগাররা। গতকাল ৩ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ ৯ উইকেট ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৮। তবে বোলারদের দাপটে পাাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে। চার দিনে যেখানে বোলাররা পায় ২৩ উইকেট সেখানে শেষ দিনেই পতন হয় ১৬ উইকেটের। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শান্তবাহিনী। এ নিয়ে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-২০, তিন সংস্করণেই পাকিস্তানকে হারাল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটে শুরু হবে শনিবার।
মিরপুরের হোম অব ক্রিকেটে তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টি বাগড়া দিলেও গতকাল পঞ্চম দিনে খেলা হয়েছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়। চতুর্থ দিনে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দ্রুত রান তুলে পাকিস্তানকে যথাসম্ভব বেশি সময় ব্যাটিংয়ে পাঠালে বাংলাদেশ জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। শিষ্যরা তাই করলেন। দ্রুত ইনিংস ঘোষণার পর বোলিংয়ে পাকিস্তানকে রীতিমতো নাজেহাল করে ছেড়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই সর্বোচ্চ স্কোর। ১৮৮ রানের পাশাপাশি অধিনায়ক হিসেবেও যথেষ্ট দক্ষতার ছাপ দেখান তিনি।
চা পানের বিরতির আগে তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করলেও শেষ বিকেলে ড্রয়ের লক্ষ্যেই খেলতে থাকে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান শুরুটা ভালই করেছিল। ৩ উইকেটে ১১৬ রান করে চা বিরতিতে যায় তারা। হাতে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ ৪৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ ছিল তাদের সামনে। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে টিকে থাকাই কঠিন হয়ে পড়ে পাকিস্তানের জন্য। ৪৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
প্রথম ইনিংসে ১০৪ রানে ১ উইকেট পাওয়া পেসার নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৪০ রানে ৫ উইকেট। শান মাসুদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, শাহিন শাহ আফ্রিদি এই পাঁচ ব্যাটারকে ফিরিয়েছেন রানা। যেখানে ৫৩তম ওভারের শেষ বলে আফ্রিদিকে দারুণ এক বাউন্সার ছোড়েন রানা। গ্লাভসে লেগে বল চলে যায় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা জয়ের হাতে। শাহিন রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। জায়ান্ট স্ক্রিনে লাল অক্ষরে আউট লেখার পরই উদযাপনে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ দল।
শেষ দিনে দ্রুত রান তুলতে গিয়ে উইকেটও হারায় দ্রুত। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন তিনিই। ১৫০ বলের ইনিংসে ৭ চার মেরেছেন। ১৩ রান করলে রেকর্ড গড়া সেঞ্চুরিই করতে পারতেন। কিন্তু নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে যান।
পাকিস্তানের বাঁ হাতি স্পিনার নোমান এ ইনিংসে ৩ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন। হাসান আলী ৩ উইকেট নেয়ার পাশাপাশি ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন। শাহিন শাহ আফ্রিদি দু’টি ও মোহাম্মদ আব্বাস একটি উইকেট পেয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ৩ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। প্রথম ওভারের শেষ বলে তাসকিন আহমেদের গুড লেন্থের বল ডিফেন্স করতে গিয়ে ইমাম উল হক (২) ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক লিটন দাসের হাতে। দ্রুত প্রথম উইকেট হারানোর পর হাল ধরেন দুই অভিষিক্ত আবদুল্লাহ ফজল ও আজান আওয়াইস। দ্বিতীয় উইকেটে দু’জন গড়েন ৬৭ বলে ৫৪ রানের জুটি। এই জুটির ৪.৮৪ রানরেটে ব্যাটিং কিছুটা বাংলাদেশকে দুশ্চিন্তায় ফেলেছিল। তবে ১৩তম ওভারের প্রথম বলে মিরাজকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান আওয়াইস। প্রথম ইনিংসে সেঞ্চুরি (১০৩) করলেও দ্বিতীয় ইনিংসে করেন ১৫ রান। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৫২.৫ ওভারে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান দল। রানা পাচটি, তাসকিন ও তাইজুল দুটি করে এবং মিরাজ একটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ইনিংস : ৪১৩ ও ৭০.৩ ওভারে ২৪০/৯ ডি. (শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন ১১, মিরাজ ২৪, তাইজুল ৩, তাসকিন ১১, ইবাদত ৪*; আফ্রিদি ২/৫৪, আব্বাস ১/৩৫, হাসান ৩/৫২, হাসান ৩/৭৬)।
পাকিস্তান ইনিংস : ৩৮৬ ও (লক্ষ্য ২৬৮ রান) ৫২.৫ ওভারে ১৬৩ (আজান ১৫, ইমাম ২, ফাজাল ৬৬, মাসুদ ২, সালমান ২৬, শাকিল ১৫, রিজওয়ান ১৫, নোমান ৪, হাসান ১, আফ্রিদি ০, আব্বাস ৫*; তাসকিন ২/৪০, মিরাজ ১/৪৭, নাহিদ ৫/৪০, তাইজুল ২/২২)
ফল : বাংলাদেশ ১০৪ রানে জয়ী।
সিরিজ : দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা : নাজমুল হোসেন শান্ত।
প্রধানমন্ত্রীর অভিনন্দন
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
মঙ্গলবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দু’টি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে। দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের।