ধনীদের জন্য ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা চালু

Printed Edition

টিআরটি ওয়ার্ল্ড

ট্রাম্পের বহুদিনের প্রতিশ্রুত ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে; যাতে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ মিলবে। মার্কিন নাগরিকত্ব পাওয়ার এ পথে ব্যক্তির ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে ১০ লাখ ডলার; তবে কোনো কোম্পানি মনোনীত ব্যক্তির ক্ষেত্রে এর পরিমাণ হবে দ্বিগুণ।

বুধবার হোয়াইট হাউজে ব্যবসায়িক নেতাদের সাথে নিয়ে ট্রাম্প যখন এই কর্মসূচি চালু করেন, তখনই আবেদন সংক্রান্ত বিশেষ ওয়েবসাইট চালু হয়। এ কর্মসূচি ১৯৯০ দশকের ইবি-ফাইভ ভিসাকে প্রতিস্থাপন করবে। বিদেশী বিনিয়োগে উৎসাহ দিতে সেই ভিসা চালু করা হয়েছিল, যাতে ১০ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে অন্তত ১০ জনের কর্মসংস্থানের শর্ত ছিল।

ট্রাম্প বলছেন, তার দেখানো মডেল বিনিয়োগ আকর্ষণের পাশপাশি ‘শীর্ষ মেধাবীদের’ পাওয়ার পথ খুলে দেবে। আর মার্কিন ট্রেজারিতে আনবে উল্লেখযোগ্য রাজস্ব। এর আগে তিনি এই কার্ডের জন্য বিনিয়োগের পরিমাণ ৫০ লাখ ডলারের প্রস্তাব করেছিলেন, তবে শেষ পর্যন্ত বর্তমান পরিমাণ ঠিক করেন। তিনি বলেন, ‘এ কর্মসূচির আওতায় পাওয়া সব অর্থ যাবে মার্কিন সরকারের কাছে। আদতে এটি একটি গ্রিন কার্ড, তবে অনেক ভালো। অনেক বেশি শক্তিশালী, অনেক শক্তিশালী পথ খুলে দেবে।”

তবে বিদ্যমান ইবি-ফাইভ ব্যবস্থার মতো কর্মসংস্থান সৃষ্টি বা কোম্পানির কার্ডধারীর সংখ্যার সীমার ব্যাপারে কোনো শর্তের কথা বলেননি ট্রাম্প। তার বদলে তিনি বলেছেন, কোম্পানিগুলো অভিযোগ করছে, ভিসা অনিশ্চয়তার কারণে তারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অসাধারণ কৃতিত্ব দেখানো গ্যাজুয়েটদের ধরে রাখতে পারছে না। আপনি সেরা শিক্ষালয়ের গ্র্যাজুয়েটদের নিয়োগ দিতে পারবেন না, কারণ আপনি জানেনই না তাদের ধরে রাখতে পারবেন কি না, বলেন ট্রাম্প।