অস্ট্রেলিয়ায় বন্দুক ‘বাইব্যাক’ কর্মসূচি ঘোষণা
Printed Edition
বিবিসি
বন্ডাই সৈকতে হামলার পর বন্দুক বাইব্যাক বা পুনঃক্রয় কর্মসূচি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। ১৯৯৬ সালে পোর্ট আর্থার গণহত্যার পর এটিই এ ধরনের সবচেয়ে বড় কর্মসূচি। তিন দশক আগের ওই ঘটনায় ৩৫ জন নিহত হয়েছিলেন, যার পর অস্ট্রেলিয়া ‘বিশ্বসেরা’ বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে।
রোববার দেশটির সবচেয়ে দৃষ্টিনন্দন সমুদ্রসৈকতে একটি ইহুদি উৎসবে দুই বন্দুকধারী গুলি চালালে ১৫ জন নিহত ও ডজনখানেক মানুষ আহত হন। পুলিশ মনে করছে, হামলাকারীরা ‘ইসলামিক স্টেট মতাদর্শে’ অনুপ্রাণিত। পুলিশ শুক্রবার বলেছে, ‘চরমপন্থী মতাদর্শের’ অভিযোগে সিডনিতে আটক একদল পুরুষকে আটক রাখার আর কোনো কারণ নেই।
পুলিশের ভাষ্য, রোববারের ‘সন্ত্রাসী ঘটনাটি’ একজন বাবা ও ছেলের মাধ্যমে সংঘটিত হয়েছে। ২৪ বছর বয়সী নাভিদ আকরামের বিরুদ্ধে ৫৯টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ১৫টি হত্যার অভিযোগ এবং একটি সন্ত্রাসী কার্যকলাপ সংঘটনের অভিযোগ রয়েছে। হামলার সময় তার বাবা সাজিদ নিহত হন। গুলিবর্ষণের পরদিনই জাতীয় মন্ত্রিসভায় ফেডারেল সরকার এবং সব রাজ্য ও অঞ্চলের নেতারা বন্দুক নিয়ন্ত্রণ আরো কঠোর করার বিষয়ে একমত হন। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার বলেন, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৪০ লাখের বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে; যা পোর্ট আর্থার গণহত্যার সময়কার সংখ্যার চেয়েও বেশি।